শ্রম সম্মতিতে বিকেএমইএ-আইএলও যৌথ উদ্যোগ

বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্রের সম্মতি (কমপ্লায়েন্স) জোরদার এবং শ্রমিক-ব্যবস্থাপনার মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে যৌথভাবে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করেছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বেটার ওয়ার্ক বাংলাদেশ (বিডব্লিউবি)।

উদ্যোগ দুটির একটি হলো “এমপাওয়ারিং সোশ্যাল ডায়ালগ” শীর্ষক কার্যক্রম, যার আওতায় বিকেএমইএ-র সঙ্গে অংশীদারিত্বে বেটার ওয়ার্ক বাংলাদেশ পাঁচটি কারখানার ২৫ জন শ্রমিক ও ব্যবস্থাপনা প্রতিনিধিকে অংশগ্রহণ কমিটি (পিসি) গঠন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। এই প্রশিক্ষণের মাধ্যমে বহু-কার্যকরী দল গঠিত হয়, যারা যৌথভাবে কারখানার উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে।

দ্বিতীয় উদ্যোগটি হলো “ড্রাইভিং স্ট্র্যাটেজিক কমপ্লায়েন্স”, যার আওতায় বেটার ওয়ার্ক বাংলাদেশ তাদের নতুন এনগেজমেন্ট মডেল ব্যবহার করে কারখানা প্রাঙ্গণে প্রথম পরামর্শমূলক সফর (এফভি১) কার্যক্রম চালু করে। শীর্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে শ্রমিক প্রতিনিধি পর্যন্ত সংশ্লিষ্ট সকল পক্ষকে যৌথ পরিদর্শন ও স্ব-মূল্যায়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে কারখানাগুলো পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ওএসএইচ) এবং মানবসম্পদ (এইচআর) সংক্রান্ত ক্ষেত্রে সুস্পষ্ট ভিত্তিরেখা নির্ধারণ ও পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা স্থির করছে।

সংশ্লিষ্টরা মনে করেন, টেকসই সম্মতি নিশ্চিত করতে হলে তার শুরুটা হতে হবে যৌথ মালিকানাবোধ থেকে। শ্রমিক ও ব্যবস্থাপনা যখন অভিন্ন লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করে, তখনই গড়ে ওঠে নিরাপদ ও সহনশীল সরবরাহ শৃঙ্খল। এই ধরনের উদ্যোগ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ত/জু