বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, পুষ্টি ও স্কুল ফিডিং কার্যক্রম চালিয়ে যেতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া।
ডব্লিউএফপি জানায়, এই অর্থে কক্সবাজার ও ভাসানচরের ৪ লাখ ৬২ হাজারের বেশি রোহিঙ্গা উপকৃত হবেন। এর মধ্যে রয়েছেন ৩৬ হাজারের বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারী, যারা পুষ্টি সহায়তা পাবেন, এবং লার্নিং সেন্টারের ২ লাখ ৬০ হাজার শিশু, যারা স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আসবে।
গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই অর্থায়নের ঘোষণা দেয়। এটি দেশটির মানবিক উদ্যোগ ‘রিচ’-এর দ্বিতীয় পর্যায় বাস্তবায়নেও সহায়তা করবে।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে ডব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা রোহিঙ্গা সংকট দশম বছরে পা দেওয়ার প্রাক্কালে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানান।
১৯৬৪ সাল থেকে দক্ষিণ কোরিয়া ও ডব্লিউএফপি অংশীদার হিসেবে কাজ করছে। সর্বশেষ এই অনুদানের ফলে বাংলাদেশে ডব্লিউএফপির ই-ভাউচার কার্যক্রমে দক্ষিণ কোরিয়ার মোট নগদ সহায়তা দাঁড়াল ১ কোটি ১৯ লাখ মার্কিন ডলারে।





