জটিল বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নয়ন সহযোগিতা নিয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশ অফিসের উদ্যোগে ঢাকার হলিডে ইন হোটেলে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘ডেভেলপমেন্ট কো-অপারেশন ইন অ্যা কমপ্লেক্স গ্লোবাল এনভায়রনমেন্ট – পার্সপেক্টিভস অন জাপান’স ওডিএ অ্যান্ড ফিউচার পার্টনারশিপস’ শীর্ষক এই সেমিনারে সিনিয়র সরকারি কর্মকর্তারা উপস্থিত হয়ে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার পরিবর্তনশীল ভূমিকা এবং জাপান-বাংলাদেশ অংশীদারিত্বের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনিচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশ কার্যালয়ের চিফ রিপ্রেজেন্টেটিভ মিস জুনকো তাকাহাশি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোশি নাকানিশি। এরপর অনুষ্ঠিত হয় প্যানেল আলোচনা, যার সঞ্চালনা করেন জাইকা হেডকোয়ার্টার্সের অপারেশনস স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর জেনারেল মি. রিয়ুতারো মুরোতানি।
প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ইআরডি সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী; জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং উইংয়ের অতিরিক্ত সচিব মো. মোহাম্মদ মনিরুল ইসলাম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস. এম. আলী রেজা; কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোশি নাকানিশি এবং জাইকা বাংলাদেশ কার্যালয়ের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো।
এ সেমিনার জাপানের উন্নয়ন সহযোগিতার দর্শন সম্পর্কে আরও গভীরভাবে জানার এবং উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে দেয়। অনুষ্ঠানে অংশীদারিত্ব, উদ্ভাবন ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি স্থিতিশীল, টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ ও জাপানের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
ত/জু






