দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করতে এবং তাঁদের ব্যবসা এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক। এই কর্মসূচির আওতায় সারা দেশ থেকে প্রায় ৫ হাজার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে তাঁদের সহজ শর্তে অর্থায়ন ও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন, যার অর্ধেক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে প্রদান করা হবে। ২৮ বছরের নিচে বয়সী নতুন উদ্যোক্তারা এই কর্মসূচিতে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন। মুনাফার হার নির্ধারণ করা হয়েছে স্টার্টআপদের জন্য ৪ শতাংশ, নারী উদ্যোক্তাদের জন্য ৫ শতাংশ এবং অন্যান্যদের জন্য ৭ শতাংশ।
প্রাথমিকভাবে যেসব জেলার সব উপজেলা এই কর্মসূচির আওতাভুক্ত হয়েছে সেগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। এসব জেলার উদ্যোক্তাদের জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। এ ছাড়া বাকি জেলাগুলোর উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আগ্রহী উদ্যোক্তারা প্রাইম ব্যাংকের নির্ধারিত লিংকের https://www.bb.org.bd/en/index.php মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ২৪ ঘণ্টা সেবা পেতে ১৬২১৮ নম্বরে হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য চালু রয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও কল সার্ভিস, যা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৩২১১১৬২১৮ নম্বরে সচল থাকবে।
উদ্যোগটি দেশের প্রান্তিক পর্যায়ের তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার পথ সুগম করবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ত/জু






