সিও এনজিওতে ফের নির্যাতনের অভিযোগ

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) পরিচালিত এবং সমাজসেবা অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থা “সিও” (Socio Economic Health Organisation- SHEO)-এর বিরুদ্ধে এক কর্মীকে নির্যাতন ও জোরপূর্বক অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর বাজার শাখায় সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত সেলিম রেজা (৩৩) নামের এক ব্যক্তি বুধবার (১৬ সেপ্টেম্বর) যশোরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গত ৯ সেপ্টেম্বর রাতে তাকে প্রধান কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা মিলে জিম্মি করে অনাদায়ী ঋণের টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করেন। তিনি অভিযোগ করেন, হাত বেঁধে কাঠের লাঠি দিয়ে তার পায়ের তলায় একাধিকবার আঘাত করা হয় এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়, যার একটিতে প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকা লেখা ছিল।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, পরবর্তীতে তাকে যশোরে বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের ডেকে এনে আরও একটি স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়, যেখানে দুই মাসের মধ্যে প্রায় সাড়ে ৩৭ লক্ষ টাকা পরিশোধের শর্ত উল্লেখ ছিল। তিনি আরও জানান, তার মোটরসাইকেল, শিক্ষাগত সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স ও ব্লাংক চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক জমা রাখা হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে উল্টো সেলিম রেজার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। তবে সরেজমিনে অনুসন্ধানকারী সাংবাদিকদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয় এবং সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রশ্নের মুখে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ পাওয়া যায়।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের মার্চে একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুরূপ অভিযোগে ঝিনাইদহে মানববন্ধন হয়েছিল এবং জেলা প্রশাসনের নির্দেশে তদন্তও শুরু হয়েছিল। তবে ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন পার হলেও সেই তদন্তের কার্যকর কোনো ফলাফল আজও প্রকাশ পায়নি।

ভুক্তভোগী সেলিম রেজা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আকুল আবেদন জানান।

ত/জু