নাগরিক ও স্থানীয় সরকারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে একটি “ওপেন হাউস মিটিং।” সেরাক-বাংলাদেশ, ডিডিআই সাউথ এশিয়া এবং অ্যাকাউন্টেবিলিটি ল্যাব-এর যৌথ উদ্যোগে “সিভিককানেক্ট: যুব সেতুবন্ধনে নাগরিক ও সরকার” প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়, যেখানে নাগরিকরা সরাসরি তাদের মতামত, সমস্যা ও পরামর্শ ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকনুজ্জামান রকন। এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (জোন-২) নাহিদ হাসান খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (জোন-১) শেখ জহিদ হাসান প্রিন্স, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এবং সেরাক-বাংলাদেশের উপ-পরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানে যুব প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে নাগরিক সেবা, স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে খোলামেলা ও অংশগ্রহণমূলক আলোচনায় অংশ নেন। আলোচনায় মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়—নাগরিক ও সিটি করপোরেশনের মধ্যে কার্যকর যোগাযোগ শক্তিশালীকরণ, স্থানীয় সুশাসনে অর্থবহ নাগরিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ গ্রহণ।
আলোচনায় প্রশাসক মোঃ রুকনুজ্জামান রকন নাগরিকদের মতামত ও সুপারিশ মনোযোগ সহকারে শোনেন এবং বলেন, জনসেবার মান উন্নয়ন এবং একটি সুন্দর, বাসযোগ্য ও নাগরিকবান্ধব ময়মনসিংহ গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় নাগরিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি “সিভিককানেক্ট” উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রকৃত অগ্রগতি অর্জনের জন্য সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ত/জু






