আগামী প্রজন্ম বাঁচাতে ইউনিসেফের ডাক

প্রতিটি শিশুর নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক।

ইউনিসেফের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তিনটি মূল সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রথমত, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে কার্বন ডাই অক্সাইডসহ ক্ষতিকর গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস করার আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি বলছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব শিশুদের ওপরই সবচেয়ে বেশি পড়ছে, তাই নির্গমন কমানো এখন সময়ের দাবি।

দ্বিতীয়ত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশগুলোকে শক্তিশালী ও টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়েছে ইউনিসেফ। ঘূর্ণিঝড়, বন্যা, খরাসহ নানা দুর্যোগের ক্ষেত্রে আগাম প্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো হলে শিশুদের জীবন ও নিরাপত্তা অনেকাংশে রক্ষা করা সম্ভব বলে মনে করছে সংস্থাটি।

তৃতীয় সুপারিশে ইউনিসেফ জোর দিয়েছে শিশু ও তরুণদের সম্পৃক্ততার ওপর। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা-সংক্রান্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তাদের মতে, যারা এই সংকটের ভবিষ্যৎ ভুক্তভোগী হবে, তাদের কণ্ঠস্বরও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্বসহকারে বিবেচিত হওয়া উচিত।

ইউনিসেফের এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের মাত্রা ও ঘনত্ব ক্রমশ বাড়ছে। সংস্থাটি মনে করে, এখনই সমন্বিত ও দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

ত/জু