দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

দিনাজপুরে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করেছে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।

শনিবার দিনাজপুর সদর উপজেলার হুগলী পাড়ায় এলএসটিডি প্রকল্পের আওতায় বাস্তবায়িত ধান প্রযুক্তি গ্রামে চলমান গবেষণা ও প্রদর্শনী কার্যক্রম ঘুরে দেখেন তারা। একই সঙ্গে কৃষকের মাঠে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির প্রয়োগের বিষয়টিও সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

পরিদর্শনকালে দিনাজপুর অঞ্চলের কৃষির সম্ভাবনা ও ধান উৎপাদনের বিভিন্ন সমস্যা নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কর্মকর্তারা। স্থানীয় কৃষি-জলবায়ু ও মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধানের জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়।

কৃষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয় কৃষকরা ধান চাষে উৎপাদন ব্যয়, সেচ ও পানি ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় স্থানীয়রা দিনাজপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্থায়ী আঞ্চলিক কার্যালয় স্থাপনের বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার অনুরোধ করেন তারা।

পরিদর্শন ও প্রশিক্ষণ কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মো. মনিরুজ্জামান, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার এবং এসএসও ড. মোছাঃ সেলিমা জাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দিনাজপুরস্থ ব্রি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।