ফুটবল বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলা নিয়ে দুই কিশোরের বিরোধের জেরে রবিউল ইসলাম (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদ ও লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান ফুটবল খেলার সময় ঝামেলায় জড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে দুপুরে সিফাতকে বাঁশের লাঠি হাতে ধাওয়া করেন লুৎফর রহমান।

এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে রবিউলের সঙ্গে লুৎফরের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লুৎফর বাঁশের লাঠি দিয়ে রবিউলকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

লাঠির আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রবিউল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।