ময়মনসিংহের ত্রিশালে কৃষিজমিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির দুটি অবৈধ কারখানা গড়ে ওঠার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানা দুটির ধোঁয়া ও রাসায়নিক বর্জ্যে পরিবেশ দূষণের পাশাপাশি ফসল ও জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘোরকান্দা এবং বৈলর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গড়ে ওঠা কারখানা দুটিতে পুরোনো ব্যাটারি থেকে সীসা সংগ্রহ ও পোড়ানোর কাজ চলছে। স্থানীয়দের ভাষ্য, দিনে ব্যাটারি ভেঙে ধাতব অংশ আলাদা করা হয় এবং রাতে সেগুলো পুড়িয়ে সীসা তৈরি করা হয়। এতে এলাকায় তীব্র ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য ছাইফুল ইসলাম ফরাজী বলেন, কয়েকবার নিষেধ করা হলেও কারখানার কার্যক্রম বন্ধ হয়নি। তাঁর অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কৃষিজমিতে এ কার্যক্রম চলছে।
কারখানার ম্যানেজার আবুল কালাম স্বীকার করেন, প্রতিষ্ঠানটির এখনো বৈধ অনুমোদন নেই। তবে অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের চেষ্টা চলছে বলে জানান তিনি। বৈলর ইউনিয়নের কারখানার মালিক বিল্লাহও কৃষিজমিতে এ ধরনের কারখানার সরকারি অনুমোদন না থাকার বিষয়টি স্বীকার করেন।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক শামসুজ্জামান মাসুম জানান, কারখানাটির কোনো ট্রেড লাইসেন্স নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা হাম্মিম জাহান বলেন, কৃষিজমিতে সীসা ও অ্যাসিড পোড়ানো বা ফেলার কারণে মাটির উর্বরতা নষ্ট হতে পারে এবং ফসলও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনওর অতিরিক্ত দায়িত্বে থাকা মাহবুবুর রহমান বলেন, বিষয়টি জানার পর অবৈধ কারখানা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, কারখানা দুটি অবৈধ এবং তাদের কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। দ্রুত এগুলো বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।






