মানিকগঞ্জে প্রবাসীদের কারিগরি প্রশিক্ষণ শুরু

বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ সেন্টার, মানিকগঞ্জের উদ্যোগে ৩০ কার্যদিবসব্যাপী বিশেষ কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মানিকগঞ্জ সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সেন্টার, মানিকগঞ্জের সহকারী পরিচালক জনাব প্রদীপ কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সিংগাইর টিটিসির অধ্যক্ষ জনাব হাজেরা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব প্রদীপ কুমার সরকার বিদেশফেরত কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ প্রবাসী কর্মীদের পুনরায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে অথবা দেশে স্বনির্ভর হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জনাব হাজেরা খাতুন প্রশিক্ষণার্থীদের নিয়মিত উপস্থিতি ও মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান এবং প্রশিক্ষণ শেষে তাদের কর্মজীবনে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের ইনচার্জগণসহ প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বিদেশফেরত কর্মীরা বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করবেন, যা তাদের কর্মসংস্থানের সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ত/জু