শিশুশ্রম বন্ধে ইউনিসেফের জরুরি আহ্বান

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—বাংলাদেশে বর্তমানে ১৭ লাখেরও বেশি শিশু শিশুশ্রমে যুক্ত রয়েছে। এই বিপুল সংখ্যক শিশু তাদের শৈশব হারিয়ে বিভিন্ন কায়িক শ্রমে বাধ্য হচ্ছে, যা তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুশ্রম শিশুদের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয়। কম বয়সে ভারী কাজ, বিপজ্জনক পরিবেশে শ্রম দেওয়া এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে শিশুরা নানাবিধ শারীরিক জটিলতার শিকার হচ্ছে। পাশাপাশি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে তারা হারাচ্ছে উন্নত ভবিষ্যৎ গড়ার সুযোগ। শিশুশ্রম শুধু বর্তমানকেই নয়, বরং একটি প্রজন্মের সামগ্রিক জীবনের সুযোগ-সুবিধাকেও সীমিত করে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই প্রেক্ষাপটে ইউনিসেফ জোর আহ্বান জানিয়েছে—সমাজের সকল স্তরের মানুষ যেন একসাথে শিশুশ্রমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়। সংস্থাটি বলছে, একটি শোষণমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যকর শৈশব নিশ্চিত করতে সরকার, বেসরকারি সংস্থা, অভিভাবক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

বিশ্লেষকদের মতে, শিশুশ্রম নিরসনে দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বিনামূল্যে ও মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিশুশ্রম আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে এই বিষয়ে ব্যাপক জনমত গঠন করা প্রয়োজন বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

শিশুরাই একটি জাতির ভবিষ্যৎ—এই বার্তা সামনে রেখে ইউনিসেফ প্রতিটি শিশুর জন্য নিরাপদ, শোষণমুক্ত ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছে।

ত/জু