বৈধ জাতীয় পরিচয়পত্র একজন শ্রমিকের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সেবা সহজীকরণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে চট্টগ্রামের তৈরি পোশাকশ্রমিকদের বৈধ জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির পথে বিদ্যমান বাধা চিহ্নিতকরণ এবং সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কারখানা ব্যবস্থাপকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় সহযোগী সংস্থা সংশপ্তকের সহযোগিতায় ‘অধিকার’ প্রকল্পের আওতায় গত ১০ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কারখানা প্রতিনিধিরা শ্রমিকদের সেবা গ্রহণের ক্ষেত্রে জন্মনিবন্ধন জটিলতা, তথ্য সংশোধনের প্রয়োজনীয়তা, ঠিকানার অসামঞ্জস্য এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি শ্রমিকদের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে পৃথক ও সহজতর সেবা ব্যবস্থা চালুর দাবিও উঠে আসে সভায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক আরিফ আহমেদ খান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কমিশনার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। এছাড়াও নির্বাচন কমিশন, জিআইজেড (GIZ), সংশপ্তক এবং বিভিন্ন পোশাক কারখানার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন প্রকল্পের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মারুফ হোসাইন। জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেড (GIZ)-এর অর্থায়নে এবং ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে ‘অধিকার’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ত/জু






