দেশের ৬৪ জেলার শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের জন্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। প্রকল্পের অষ্টম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর, আর সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ অক্টোবর এবং চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন আট ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার এই প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ প্রশিক্ষণার্থীদের কোনো ফি দিতে হবে না।
আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। দেশের সব জেলার আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার বা আইসিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা থাকা প্রার্থীরা বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।
প্রতিটি জেলায় উপপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ভর্তি কমিটি গঠিত হবে, যেখানে জেলা প্রশাসকের একজন প্রতিনিধিও থাকবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই কমিটি প্রশিক্ষণার্থী চূড়ান্ত করবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের মনোনীত প্রতিনিধিরাও সরেজমিনে বাছাই প্রক্রিয়া তদারকি করবেন।
প্রশিক্ষণকালীন প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা, পাশাপাশি সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থাও থাকছে। কোর্স শেষে সফল প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে এবং পরবর্তীতে আয় বৃদ্ধির কাজে যুক্ত হতে তাদের মেন্টরিং সহায়তাও দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আবেদন জমার পর আবেদনকারীদের অবশ্যই কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ প্রার্থীদের পরীক্ষার তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং প্রবেশপত্রও ডাউনলোড করে প্রিন্ট করে পরীক্ষার সময় সঙ্গে নিতে হবে।
আবেদনের সময়সীমা ছিল ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২০ সেপ্টেম্বর। চূড়ান্ত ফলাফল ও নির্বাচিতদের তালিকা প্রকাশিত হবে ২৩ সেপ্টেম্বর, যা এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।
প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://e-laeltd.com/64-student-reg-jubo এই ওয়েবসাইটে।
ত/জৃ






