অল্প পুঁজি ও তুলনামূলক ভালো লাভের কারণে দিনাজপুরে দিন দিন বাড়ছে কলার আবাদ। জেলার ১৩টি উপজেলায় কলা উৎপাদন হলেও বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় মেহের সাগর জাতের কলা চাষ তুলনামূলক বেশি। চলতি বছর পুরো জেলায় প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে।
কাহারোল উপজেলার দশমাইল মোড়ে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বসে উত্তরাঞ্চলের অন্যতম বড় কলার হাট। এই হাটে প্রতিদিন কোটি টাকার কলা বেচাকেনা হয়, আর গড়ে প্রতিদিন ১৬ থেকে ২০ ট্রাক কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়ে থাকে।
কৃষকদের হিসাব অনুযায়ী, এক বিঘা জমিতে কলা চাষ করতে খরচ হয় প্রায় ১ লাখ ১৭ হাজার টাকা, আর বিক্রি থেকে আয় হয় ২ লাখ ৫৫ হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতি বিঘায় কৃষকের লাভ থাকছে প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা।
তুলনামূলক কম খরচে অধিক লাভজনক হওয়ায় দিনাজপুরের কৃষকদের মধ্যে কলা চাষে আগ্রহ ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিচর্যা ও বাজারজাতকরণ ব্যবস্থা আরও উন্নত হলে এই এলাকার কলা চাষ ভবিষ্যতে দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
ত/জু






