পার্ক ইন্টারন্যাশনালে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাজধানীর পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘পিআইএসসি সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। ১৯ সেপ্টেম্বর, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই উদ্ভাবনী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

দিনব্যাপী আয়োজিত এই বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকগণ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, “আজকের তরুণ শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের রূপকার। বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় মনোযোগ দিয়ে তরুণ প্রজন্মকে দেশের অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে হবে।” তিনি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব এবং স্মার্ট ট্রান্সপোর্টেশন ও মেকাট্রনিক্স ভিত্তিক উদ্ভাবনী প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করেন।

মেলার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল তরুণ বিজ্ঞানপ্রেমীদের অংশগ্রহণে অনলাইন কিউআর কোড (QR Code) রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রজেক্ট প্রদর্শন ও প্রতিযোগিতা। পদার্থবিজ্ঞান, রসায়ন, আইসিটি ও পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের গবেষণা ও মডেল উপস্থাপন করেন।

দিনব্যাপী এই আয়োজনের সমাপনী পর্বে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

ত/জু