জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি মিস তাকাহাশি জুনকো সম্প্রতি দিনাজপুরে জাইকার সহায়তাপুষ্ট তিনটি উন্নয়ন উদ্যোগ পরিদর্শন করেছেন। এসব উদ্যোগ কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিদর্শনের শুরুতে তিনি ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতাধীন কাচিনিয়া বাজার-বেলেন নদী পানি সংরক্ষণ ও নিষ্কাশন উপ-প্রকল্প পরিদর্শন করেন। সেখানে উন্নত সেচব্যবস্থা, পানি নিষ্কাশন ও পানি সংরক্ষণ অবকাঠামোর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা কীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় কৃষকরা কীভাবে উপকৃত হচ্ছেন, তা তিনি প্রত্যক্ষ করেন।
এরপর তিনি ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় স্পেন বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেন। রপ্তানিমুখী কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নিয়োজিত এই প্রতিষ্ঠানের সঙ্গে বর্তমানে ৪,০০০-এরও বেশি চুক্তিবদ্ধ কৃষক যুক্ত রয়েছেন এবং দিনাজপুরের পার্বতীপুরের গ্রামীণ এলাকায় প্রায় ১,৫০০টি সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ ফুড সেফটি অথরিটির পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয় কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প (STIRC)-এর সহায়তায় পরিচালিত ফুড সেফটি অফিসও পরিদর্শন করেন। এ সময় খাদ্য নিরাপত্তা পরিদর্শন, নিয়ন্ত্রক কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তিনি অবহিত হন।
দিনাজপুরের এসব উদ্যোগ কৃষির স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে।
ত/জু






