আরুবা দ্বীপে ইউনেস্কোর জীবমণ্ডল রিজার্ভ

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র আরুবাকে সম্প্রতি ইউনেস্কোর “ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম”-এর অধীনে নতুন জীবমণ্ডল রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশেষত্ব হলো, এই রিজার্ভ পুরো দ্বীপটিকেই অন্তর্ভুক্ত করে।

শুষ্ক বনভূমি, ম্যানগ্রোভ, প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক ঘাসের তৃণভূমি— এই বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের সমাহারে গড়ে উঠেছে আরুবার এই রিজার্ভ, যেখানে ২,৪০০-রও বেশি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি রয়েছে। এর মধ্যে ৩৪টি প্রজাতি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা একটি ছোট দ্বীপ হিসেবে আরুবা ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি, পুনরুৎপাদনশীল পর্যটন এবং সার্কুলার অর্থনীতির (বৃত্তাকার অর্থনীতি) পথে এগিয়ে যাচ্ছে। এই উদ্যোগ প্রমাণ করে, কীভাবে প্রকৃতি, সংস্কৃতি ও টেকসই উন্নয়ন একসঙ্গে হাত ধরে চলতে পারে।

ইউনেস্কোর “ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম” এমন একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যেখানে প্রকৃতি সংরক্ষণ ও টেকসই উন্নয়ন পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করে। ইউনেস্কো মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক জোরদার করতে কাজ করে যাচ্ছে, স্থানীয় জনগোষ্ঠীকে জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারে সহায়তা প্রদান করছে।

ত/জু