সিডও সনদের বিতর্কিত ধারা বাতিলের দাবি: বাংলাদেশ মহিলা পরিষদ

আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষ্যে “সিডও সনদের ধারা-২ এবং ধারা-১৬, ১(গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার কর; নারীর নাগরিক অধিকার সুরক্ষায় সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত কর”—এই দাবিতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১:০০টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম এনালিস্ট ও ইউনিট ম্যানেজার তপতী সাহা এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক ও সিপিডি’র সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের আন্তর্জাতিক উপপরিষদের সদস্য লুনা নূর, শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু এবং অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক ড. সিউতি সবুর।

আলোচনা পর্বে বিজ্ঞ বক্তারা সম্পদ-সম্পত্তিতে সমঅধিকারসহ নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সিডও সনদের পূর্ণাঙ্গ অনুমোদন ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। এ সময় আলোচনায় অংশ নেন জাকিয়া কে হাসান, অ্যাডভোকেট সালমা আলী, শাহনাজ সুমী, চন্দন লাহিড়ী, ইশরাত জাহান ঊর্মি এবং আশরাফুন নাহার মিষ্টি।

মুক্ত আলোচনা পর্বে রাশেদা কে চৌধুরী, কাশফিয়া ফিরোজ, সামিনা ইয়াসমিন, ফেরদৌসি সুলতানা, ডা. ফেরদৌস আরা, ফেরদৌস নাহিদ এবং শামীমা শাম্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁদের মতামত প্রদান করেন। সভায় সামাজিক প্রতিরোধ কমিটি, নাগরিক সমাজ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ মোট ৩০০ জন প্রতিনিধি অংশ নেন।