আদিবাসী নারীদের নেতৃত্বে বদলাচ্ছে সমাজ
ইউনেস্কো আদিবাসী নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়ন, তাঁদের ঐতিহ্যগত জ্ঞানের সুরক্ষা এবং সমাজে তাঁদের বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করছে।
সমাজে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আদিবাসী নারীরা। নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা নতুন সুযোগ তৈরি করছেন। নেতৃত্ব দিচ্ছেন। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনে ভূমিকা রাখছেন।সাংবাদিকতা ও তথ্যপ্রাপ্তির সুযোগ তৈরি থেকে শুরু করে জীববৈচিত্র্য সংরক্ষণ—বিভিন্ন ক্ষেত্রে আদিবাসী নারীদের নেতৃত্ব পরিবর্তনের পথ দেখাচ্ছে।
বর্তমানে আর্ন্তজাতিকভাবে তাদের স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতা বৃহত্তর সমাজের সামনে তুলে ধরতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউনেস্কো বিশ্বের বিভিন্ন অঞ্চলে আদিবাসী নারীদের নেতৃত্ব বিকাশে সহযোগিতা করছে। ইন্দোনেশিয়ায় আদিবাসী নারী সাংবাদিকদের দক্ষতা বাড়ানো এবং তাদের দৃষ্টিভঙ্গি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে কাজ করছে সংস্থাটি।
এ ছাড়া ‘উইমেন ফর বিজ’ কর্মসূচির মাধ্যমে আদিবাসী ও গ্রামীণ নারীরা জীববৈচিত্র্য সংরক্ষণে নিজেদের ভূমিকা আরও শক্তিশালী করছেন। একই সঙ্গে তারা নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্য ও জ্ঞানকে কাজে লাগিয়ে পরিবেশ সংরক্ষণে অবদান রাখছেন।
বিশ্বের আদিবাসী নারী ও কন্যাশিশুদের প্রথম আন্তর্জাতিক দিবসে ইউনেসকো তাদের কণ্ঠ আরও জোরালো করা, নেতৃত্বের স্বীকৃতি দেওয়া এবং অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ইউনেস্কোর মতে, আদিবাসী নারী ও কন্যাশিশুদের অধিকার ও নেতৃত্বকে সমর্থন করা মানে শুধু তাদের ক্ষমতায়ন নয়; এর মাধ্যমে শক্তিশালী হচ্ছে সম্প্রদায়, সংরক্ষিত হচ্ছে ঐতিহ্যবাহী জ্ঞান এবং গড়ে উঠছে সবার জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ।






