উখিয়ায় ‘আনন্দ’-এর উদ্যোগে বিনামূল্যে পশু টিকাদান কর্মসূচি

কক্সবাজারের উখিয়ায় অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি। ৮ সেপ্টেম্বর উপজেলার রাজাপালং ইউনিয়নের ধইল্যাঘোনা এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়, যেখানে মোট ৫২৫টি গবাদিপশু ও হাঁস-মুরগিকে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আনন্দ’ (ANANDO)-এর উদ্যোগে এবং জার্মান সংস্থা ‘লিচটব্রুক’ ও ‘বিএমজেড’-এর অর্থায়নে হোস্ট কমিউনিটির জীবিকা উন্নয়নবিষয়ক একটি প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন। তিনি বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান ও কৃমিনাশক প্রয়োগের কোনো বিকল্প নেই এবং সময়মতো ব্যবস্থা নিলে খামারিদের আর্থিক ক্ষতি কমবে।

কর্মসূচিতে ১২০টি গরু, ১৪০টি ছাগল, ১৮০টি মুরগি ও ৮৫টি হাঁসকে টিকা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট, প্রেসক্রিপশন ও বিশেষ পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় খামারিরা।