পিকেএসএফ-এর নলেজ শেয়ারিং সভা

কর্মজীবী মায়েদের, বিশেষত স্বল্প আয়ের ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত নারীদের শ্রমবাজারে সক্রিয় থাকার পথে অন্যতম বড় বাধা শিশুদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী দিবাযত্ন সেবার ঘাটতি। একই সঙ্গে শিশুর জীবনের প্রথম কয়েক বছর তার শারীরিক, ভাষাগত, জ্ঞানীয় ও সামাজিক-আবেগিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় শিশু দিবাযত্ন সেবাকে কেবল পরিচর্যা নয়, প্রারম্ভিক শৈশব বিকাশের একটি সুযোগ হিসেবেও দেখা প্রয়োজন।

এই প্রেক্ষাপটে হোম-বেইজড চাইল্ড কেয়ার সেবার কার্যকর মডেল, গুণগত মান নিশ্চিতকরণ এবং টেকসই সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে গত ৯ সেপ্টেম্বর পিকেএসএফ ভবন-১-এ একটি নলেজ শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (ব্র্যাক আইইডি)-এর পক্ষ থেকে হোম-বেইজড চাইল্ড কেয়ার সার্ভিস নিয়ে বাস্তবায়ন অভিজ্ঞতা ও গবেষণালব্ধ ফলাফল তুলে ধরা হয়।

সভায় পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের বলেন, বাংলাদেশের নিজস্ব সামাজিক বাস্তবতা, কমিউনিটির পারস্পরিক আস্থা এবং এ বিষয়ে অর্জিত গবেষণা ও বাস্তবায়ন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হোম-বেইজড চাইল্ড কেয়ার সার্ভিসে বাংলাদেশ একটি অনুসরণযোগ্য মানদণ্ড গড়ে তুলতে পারে। তাঁর মতে, যথাযথ গবেষণা, পরীক্ষণ ও পর্যায়ক্রমিক মান নির্ধারণের মাধ্যমে এ ক্ষেত্রে একটি ‘স্বর্ণমান’ (Gold Standard) প্রতিষ্ঠার সুযোগ রয়েছে। এ ধরনের উদ্যোগে অভিজ্ঞ প্রতিষ্ঠান, পিকেএসএফ ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত ও পারস্পরিক পরিপূরক অংশীদারত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

বিআইজিডি-এর নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বলেন, একটি টেকসই হোম-বেইজড চাইল্ড কেয়ার মডেল গড়ে তুলতে এই পর্যায়ে নিয়ন্ত্রণমূলক শর্তগুলো সহজ, বাস্তবসম্মত ও সহায়ক রাখা প্রয়োজন। তিনি মনে করেন, অর্থায়নের পাশাপাশি প্রয়োজনীয় নীতি ও নিয়মকানুন তৈরিতেও পিকেএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিআইজিডি-এর অধ্যাপক ড. মুন্সী সুলায়মান এবং ব্র্যাক আইইডি-এর নির্বাহী পরিচালক ড. ইরাম মারিয়ামসহ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া পিকেএসএফ-এর পক্ষ থেকে মহাব্যবস্থাপক ও RAISE প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্ত্তীসহ রিসার্চ ও নলেজ ম্যানেজমেন্ট ইউনিট এবং RAISE প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।