যৌথ উদ্যোগ ও উদ্ভাবনই গ্রামীণ জীবনযাত্রার মান বদলাচ্ছে: সিসিলিয়া মাগারোত্তো

“যৌথ উদ্যোগ ও উদ্ভাবন কীভাবে কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য দৃশ্যমান সুফল বয়ে আনছে, উৎপাদী সংগঠনগুলোর এমন কার্যক্রম দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক,”— কথাগুলো বলেছেন সিসিলিয়া মাগারোত্তো।

আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম’ (GAFSP)-এর ‘পিও-লেড ফান্ডিং উইন্ডো’-এর প্রধান সিসিলিয়া মাগারোত্তো বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। মাঠপর্যায়ে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও এর সুফল সরেজমিনে পর্যবেক্ষণ করতেই তাঁর এই সফর।

সফরকালে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কারিগরি সহায়তা সমন্বয়কারী মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে পরিচালিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তাঁর সঙ্গে উপস্থিত ছিল। তারা এফএও-সমর্থিত ‘উৎপাদী সংগঠন-চালিত’ নানা উদ্ভাবনী উদ্যোগ ঘুরে দেখেন। যৌথ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্রচাষিরা কীভাবে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছেন, উন্নত বাজারে প্রবেশাধিকার পাচ্ছেন এবং জীবনযাত্রার মান উন্নত করছেন—তা প্রত্যক্ষ করাই ছিল এই পরিদর্শনের প্রধান উদ্দেশ্য।

প্রতিনিধিদলটি দিনাজপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ এফএও-এর প্রকল্পভুক্ত অঞ্চলগুলো সরেজমিনে ঘুরে দেখে। সেখানে তারা মাঠপর্যায়ের কৃষক ও উৎপাদী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন। এছাড়া রংপুরে ‘সারা বাংলা কৃষক সোসাইটি’ (SBKS)-এর সাথে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন তারা।

সংশ্লিষ্টরা জানান, এই সফরের মাধ্যমে GAFSP ও FAO-সমর্থিত বিভিন্ন উদ্যোগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও সফল অভিজ্ঞতা বিনিময়ের চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে কৃষকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।